আওয়ামী লীগের সঙ্গে জামায়াতে ইসলামী কখনো জোট করেনি বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে বিএনপির বিরুদ্ধে সব বিরোধী দল মিলে লিয়াজোঁ কমিটি গঠন করেছিল। তবে জামায়াতে ইসলামী কখনো আওয়ামী লীগের সঙ্গে জোট করেনি।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, মাত্র সাত মাসের মধ্যেই বিএনপি ফ্যাসিবাদ কী, তা ভুলে গেছে। তাঁর দাবি, চাঁদাবাজি, লুটপাট, দলীয় লোকজনকে বিভিন্ন পদে বসানো এবং জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা ফ্যাসিবাদের লক্ষণ। জামায়াতে ইসলামী জুলাইয়ের চেতনাকে ধারণ করে রাজপথে আন্দোলন করছে, অথচ বিএনপি সেই চেতনা ধারণ না করে দমন-পীড়নের পথে হাঁটছে।

জামায়াতের এই নেতা আরও বলেন, বিএনপি রাষ্ট্র, সরকার ও সরকারি দলকে এক করে দেখছে। দুর্নীতি ও দলীয় কর্মীদের কর্মকাণ্ড নিয়ে কথা বললেই রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তোলা হচ্ছে। তাঁর ভাষ্য, ‘জুজুর ভয়’ দেখিয়ে বিরোধী দলগুলোর ওপর দায় চাপানো হচ্ছে এবং সরকার নিজেই স্বৈরাচার ফিরিয়ে আনতে চাইছে।

সৌদি আরবে দুই বাংলাদেশির শিরশ্ছেদের প্রসঙ্গ তুলে গোলাম পরওয়ার বলেন, বিচার কার্যকরের পর সরকারের ঘুম ভেঙেছে। তাঁর মতে, ঘটনাটি বাংলাদেশের কূটনৈতিক ব্যর্থতার পরিচয়।