প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমানের সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বা ‘ফটো কাটআউট’ বলে যে দাবি ছড়িয়েছে, তা সঠিক নয়। স্বাধীন যাচাই-বাছাই ও ফ্যাক্টচেক অনুসন্ধানে ছবিটি আসল এবং কোনো এআই টুলে এটি এডিট বা এআই-জেনারেটেড হওয়ার প্রমাণ মেলেনি।

শনিবার (৩ অক্টোবর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন উপলক্ষে নিউইয়র্কে আয়োজিত মার্কিন প্রেসিডেন্টের সংবর্ধনা অনুষ্ঠানে তোলা ছবিটি নিজের ভেরিফাইড পেজে প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবিটিতে ট্রাম্পের দাঁড়ানোর ভঙ্গি ও বৃদ্ধাঙ্গুলি উঁচিয়ে রাখার পোজ নিয়ে স্যোশাল মিডিয়ায় প্রশ্ন তোলেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ অনেকে।

ট্রাম্পের অভিন্ন পোজ ও বিলম্বের কারণ গবেষণাধর্মী সংবাদমাধ্যম ‘দ্য ডিসেন্ট’ এবং কসোভোর ফ্যাক্টচেকিং সংস্থা ‘হিব্রিড ডট ইনফো’র অনুসন্ধানে জানা যায়, উক্ত সংবর্ধনায় কসোভো, আলবেনিয়া, উত্তর মেসিডোনিয়া ও রোমানিয়ার নেতাদের সাথে তোলা ছবিতেও ট্রাম্পকে হুবহু একই পোজ দিতে দেখা গেছে। অনুষ্ঠানে নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে একে একে সব বিশ্বনেতার সাথে হোয়াইট হাউসের একমাত্র অফিশিয়াল ফটোগ্রাফারের মাধ্যমে দ্রুত ছবি তোলার কারণেই ট্রাম্পের লাইটিং, ব্যাকগ্রাউন্ড ও অঙ্গভঙ্গি প্রায় অভিন্ন এসেছে। তবে প্রতিটি ছবিতে ট্রাম্পের হাতের অবস্থান ও মুখের হাসিতে সূক্ষ্ম বৈচিত্র্যও রয়েছে।

এছাড়া, অনুষ্ঠান শেষ হওয়ার কিছুদিন পর ছবি কেন প্রকাশ হলো—এই সন্দেহের নিরসন করে রোমানিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ও কোহা জানিয়েছে, হোয়াইট হাউস থেকে অফিসিয়াল প্রসেসিং শেষে সব দেশের কাছে একসাথে ছবি পাঠানোয় এই বিলম্ব ঘটে।

কার্ডবোর্ড কাটআউট বিতর্ক অনুসন্ধানে আরও স্পষ্ট হয় যে, ট্রাম্পের সাথে প্রধানমন্ত্রীর আসল ছবিটিকে বিকৃত করে যে 'কার্ডবোর্ড কাটআউটের সামনে দাঁড়িয়ে ছবি তোলা'র ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছিল, সেটি মূলত ওপেনএআই (OpenAI) ব্যবহার করে তৈরি করা একটি ভুয়া বা কৃত্রিম ছবি। ফলে মূল ছবিটিকে এআই নির্মিত বা ভুয়া বলার কোনো সুযোগ নেই।