বাংলাদেশ পুলিশের ৭২ জন নির্বাচিত শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) দেশের বিভিন্ন জেলা ও ইউনিটে বদলি, পদায়ন ও সংযুক্ত করা হয়েছে। প্রশিক্ষণ শেষে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত কর্মস্থলে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে পুলিশ সদরদপ্তর।

শনিবার (৩ অক্টোবর) পুলিশ সদরদপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-৩ শাখা থেকে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, প্রশিক্ষণকালীন সময়ে কর্মকর্তারা পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় বাস্তব প্রশিক্ষণে ছিলেন। প্রশিক্ষণ শেষে তাদের ডিএমপি, সিএমপি, কেএমপি, জিএমপি, এসএমপি, আরএমপি, বিএমপি, এপিবিএন, সিআইডি, পিবিআই, শিল্পাঞ্চল পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, এসআরবি ও পুলিশ হেডকোয়ার্টার্সসহ বিভিন্ন ইউনিটে দায়িত্ব দেওয়া হয়েছে।

পদায়ন পাওয়া কর্মকর্তাদের মধ্যে এম এম তারিক-উল্লাহ, রাইসুল ইসলাম, শাওন রেজা, মো. আশিকুর রহমান, জুবায়ের আহমেদ, মো. মইনুল হোসেন মন্ত্রী, মো. শাহিন আলম শাওন ও মো. মাজহারুল ইসলামকে সহকারী পুলিশ কমিশনার হিসেবে ডিএমপিতে দায়িত্ব দেওয়া হয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশে (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন তানভীর আহমেদ, মোহাম্মদ মোতাইনুল ইসলাম, সরকার ফরহাদ আহমেদ, তানজিনা সুলতানা ও বিপ্লব কুমার নন্দী। গাজীপুর মহানগর পুলিশে (জিএমপি) দায়িত্ব পেয়েছেন মো. আবদুল্লাহ আল সাদমান, মো. শহিদুল ইসলাম, পূজা রানী দাস ও প্রকৃতি ইসলাম।

এ ছাড়া কেএমপি, খুলনায় সহকারী পুলিশ কমিশনার হিসেবে মেহেদী হাসান আমজাদ, হাসিবুল হাসান শিপন, এহসানুল করিম ও মো. সজীব মিয়াকে; বিএমপি, বরিশালে জামাল হোসেন ও প্রশান্ত ঘোষকে এবং এসএমপি, সিলেটে মো. দেলোয়ার হোসেন রনি ও মো. আরাফাত হোসেনকে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে বিভিন্ন কর্মকর্তা সহকারী পুলিশ সুপার হিসেবে এপিবিএন, সিআইডি, পিবিআই, শিল্পাঞ্চল পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, এসআরবি এবং পুলিশ হেডকোয়ার্টার্সে দায়িত্ব পেয়েছেন। কয়েকজনকে পুলিশ হেডকোয়ার্টার্সের টিআর পদে সংযুক্ত করে সাইবার পুলিশ ইউনিটেও দায়িত্ব দেওয়া হয়েছে।

আদেশে আরও বলা হয়েছে, নির্বাচিত শিক্ষানবিশ এএসপিরা সংশ্লিষ্ট জেলায় বাস্তব প্রশিক্ষণ সন্তোষজনকভাবে শেষ করার পর বদলি হওয়া কর্মস্থলে যোগদান করবেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা নির্ধারিত পদ ও কর্মস্থলে দায়িত্ব পালন করবেন।