ছেলে ও মেয়েরা খেলবেন একই দলের হয়ে, আর দুই পক্ষের পারফরম্যান্স মিলিয়েই নির্ধারিত হবে জয়ের হিসাব। ক্রিকেটে এমনই এক নতুন ফরম্যাট নিয়ে আসছে টেস্ট টুয়েন্টি। যেখানে আলাদা নয় ছেলে ও মেয়েদের স্কোরবোর্ড, বরং দুই পক্ষের রান যোগ করেই নির্ধারিত হবে ম্যাচের ফল। ক্রিকেটের প্রচলিত ধারণা বদলে দিতে নতুন এই ফরম্যাটের লক্ষ্য ছেলে ও মেয়েদের খেলাকে একই প্রতিযোগিতায় নিয়ে আসা।
টেস্ট ও টি-টোয়েন্টির সমন্বয়ে তৈরি এই ফরম্যাটে ম্যাচ হবে এক দিনে, মোট ৮০ ওভারের। প্রথম ৪০ ওভার খেলা হবে দিনের আলোয় লাল বলে ও সাদা পোশাকে। পরের ৪০ ওভার হবে ফ্লাডলাইটের আলোয় সাদা বলে ও রঙিন পোশাকে। তবে দুই পর্বের রান যোগ হয়েই তৈরি হবে দলের চূড়ান্ত স্কোর। প্রতিটি দলের স্কোয়াডে থাকবেন ৪০ জন ক্রিকেটার, ২০ জন ছেলে ও ২০ জন মেয়ে। ম্যাচে ছেলে ও মেয়েদের একাদশ আলাদাভাবে খেললেও দুই ইনিংসের রান যোগ করে নির্ধারিত হবে জয়-পরাজয়। অর্থাৎ মেয়েদের ১২০ ও ছেলেদের ১৮০ রান মিলিয়ে কোনো দলের স্কোর হতে পারে ৩০০। প্রতিপক্ষের সম্মিলিত রান ২৯০ হলে ১০ রানে জিতবে প্রথম দল। ফলে ছেলে ও মেয়েদের পারফরম্যান্সই হয়ে উঠবে দলের জয়ের সমান গুরুত্বপূর্ণ অংশ।
নতুন এই ফরম্যাটের উদ্বোধনী টুর্নামেন্ট শুরু হবে আগামী ১৪ নভেম্বর, শ্রীলঙ্কার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৯ নভেম্বর। চারটি মহাদেশীয় দলের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় খেলবেন ১৩ থেকে ২১ বছর বয়সী ১৬০ জন ক্রিকেটার। মাঠের ট্রায়াল ও অনলাইন বাছাইয়ের মাধ্যমে নির্বাচিত হয়েছেন তাঁরা। টুর্নামেন্টের উপদেষ্টা বোর্ডে রয়েছেন এবি ডি ভিলিয়ার্স, ম্যাথু হেইডেন ও স্যার ক্লাইভ লয়েডের মতো কিংবদন্তিরা।
ছেলে ও মেয়েদের পারফরম্যান্সকে সমান গুরুত্ব দিতেই এই অভিনব উদ্যোগ। টেস্ট টুয়েন্টির লক্ষ্য, দুই পক্ষের অবদান যেন একইভাবে দলের ফল নির্ধারণে প্রভাব ফেলে। ক্রিকেটের চতুর্থ ফরম্যাট হিসেবে পরিচিতি পাওয়ার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করতে যাওয়া এই টুর্নামেন্ট কতটা সাড়া ফেলতে পারে, এখন সেটিই দেখার অপেক্ষা।