দেশে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্তে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ১৮২ টাকা ৭১ পয়সা।
এর আগে সেপ্টেম্বর মাসে এই জ্বালানির দাম ছিল প্রতি লিটার ১৬৫ টাকা ৬৫ পয়সা। ফলে এক মাসের ব্যবধানে লিটারে দাম বেড়েছে ১৭ টাকা ৬ পয়সা, যা প্রায় ১০ দশমিক ৩০ শতাংশ।
বুধবার (৭ অক্টোবর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন মূল্য ঘোষণা করে বিইআরসি। সংস্থাটি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জেট এ-১-এর গড় মূল্য, বিপিসির এলসি স্টেটমেন্ট এবং ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে দাম নির্ধারণ করা হয়েছে।
আন্তর্জাতিক ফ্লাইটের জন্যও জেট ফুয়েলের মূল্য বাড়ানো হয়েছে। শুল্ক ও মূসক ছাড়া প্রতি লিটারের দাম ১ দশমিক ০৭৭০ ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ১৮৮২ ডলার করা হয়েছে।
বিইআরসির নতুন মূল্য ৭ অক্টোবর রাত ১২টা থেকে কার্যকর হয়েছে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।
শাহজালাল, শাহ আমানত ও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরসহ যশোর ও কক্সবাজার বিমানবন্দরেও এই নতুন মূল্য কার্যকর হবে।