দেশে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত করা হবে এবং আইন যে সবার জন্য সমান, তা বর্তমান সরকার সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে বলে দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে ফেনীর পরশুরামের ঘাটঘর এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ শীর্ষক মেগা প্রকল্পের উদ্বোধন শেষে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিগত স্বৈরাচারী সরকার দীর্ঘ সময় ধরে জনগণের টুঁটি চেপে ধরে রেখেছিল, কেড়ে নিয়েছিল মানুষের ভোটাধিকার। অবশেষে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি দেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দেশ পরিচালনার গুরুদায়িত্ব অর্পণ করেছে। বিএনপি জনগণের আস্থার প্রতিদান দিয়ে দেশে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর।
বর্তমান সময়ে কিছু রাজনৈতিক দলের অপতৎপরতার কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, জনকল্যাণমূলক নানা উদ্যোগ—যেমন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন এবং বন্ধ মিল-কারখানা চালুর কার্যক্রমে কিছু মহল অরাজকতা তৈরির চেষ্টা করছে। এই কাজগুলোতে বিঘ্ন ঘটালে দিনশেষে ক্ষতি এ দেশের সাধারণ মানুষেরই হবে, কোনো বহিরাগত বা বিদেশের মানুষের নয়। সুনির্দিষ্ট কোনো দলের নাম উল্লেখ না করে তিনি বলেন, একাত্তরের জনবিরোধী ভূমিকা পালনকারী সেই গুপ্তগোষ্ঠী আজও নানা অপকর্ম ও নারী নির্যাতনে লিপ্ত রয়েছে। অথচ তারাই আবার অন্যদের নানা উপদেশ বা নসিহত দিয়ে থাকে। তাদের উদ্দেশে তিনি সাফ জানিয়ে দেন, অন্যকে উপদেশ দেওয়ার আগে নিজের ঘরের ভেতরের বিশৃঙ্খলা ও নারী নির্যাতন আগে সামাল দিন।
এর আগে ফেনীর উত্তরাঞ্চলে মুহুরী-কহুয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ ও সেচ ব্যবস্থার আমূল উন্নয়নে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকার এই বৃহৎ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
পরশুরামের নির্ধারিত কর্মসূচি শেষে ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নেন তিনি। এরপর জেলা পরিষদ ডাকবাংলো থেকে রুফটপ সোলার প্যানেলের মাধ্যমে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন। বিকেলে ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে সাধারণ মানুষের মাঝে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং ধর্মীয় উপাসনালয়ে নিয়োজিত ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মাঝে সম্মাননা সহায়তা প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।