রাজধানীর ক্যান্টনমেন্ট থানার কুর্মিটোলা জেনারেল হাসপাতালের বিপরীতে চলন্ত ট্রেনে ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাত সাড়ে ৯টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়।
ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওসেক) চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৮টার দিকে ওই যুবকের মৃত্যু হয়।
উদ্ধারকারী পথচারী ফয়েজ জানান, কুর্মিটোলা এলাকায় চলন্ত ট্রেনে ছিনতাইকারীদের সঙ্গে ওই যুবকের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তাকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে তিনি গুরুতর আহত হন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত যুবকের নাম-পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় শনাক্তের জন্য সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি রেলওয়ে থানাকেও জানানো হয়েছে।