আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সঠিকভাবে পরিচালনা করতে না পারায় দেশে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি ও হত্যাকাণ্ডের ঘটনা বাড়ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান। তাঁর মতে, অপরাধ বৃদ্ধি ও মাদকের বিস্তারের কারণে সাধারণ মানুষের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।

শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর তোপখানা রোডে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ যুব মিশনের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোস্তাফিজুর রহমান ইরান বলেন, দেশের মানুষ বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিশেষ করে গ্রামাঞ্চলের দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ চুরির আতঙ্কে রাত কাটাচ্ছেন। গরু-বাছুর ও হাঁস-মুরগি চুরি ঠেকাতে অনেককে রাতভর পাহারা দিতে হচ্ছে। স্বাধীন দেশে নাগরিকদের জন্য এমন পরিস্থিতি অত্যন্ত দুঃখজনক।

তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও মাদক নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাব মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা সৃষ্টি করছে।

অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদারিত্ব ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়ে লেবার পার্টির চেয়ারম্যান বলেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।

সভায় সভাপতিত্ব করেন যুব মিশনের কেন্দ্রীয় আহ্বায়ক সালমান খান বাদশা। তিনি বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নির্মূল ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে না পারলে সরকারের প্রতি জনগণের আস্থা আরও কমবে।

সালমান খান বাদশা আরও বলেন, বর্তমান পরিস্থিতির দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। ব্যর্থতার দায় স্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।

সভায় যুব মিশনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, কেন্দ্রীয় ও মহানগর কমিটির মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার বিষয়ে আলোচনা হয়।

এ সময় যুব মিশনের কেন্দ্রীয় সদস্য জহিরুল ইসলাম সোহাগ, মহানগর যুগ্ম আহ্বায়ক এনামুল ইসলাম সজীব, সাংগঠনিক সচিব মো. সাদ্দাম হোসেন এবং মহানগর সদস্য মো. আদেল উদ্দীন বক্তব্য দেন।