দাউ দাউ করে জ্বলছে বিশাল একটি যাত্রীবাহী বিমান! মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা আর ঘন কালো ধোঁয়ায় ঢেকে গেল চারপাশ। দূর থেকে দেখলে মনে হতে পারে, রানওয়েতে দাঁড়িয়ে থাকা কোনো বিমানেই বুঝি আগুণ লেগেছে । ঘটনাটি ঘটেছে তুরস্কের কোকেলি প্রদেশের চায়রোভা এলাকায় অবস্থিত উচাকপার্ক এভিয়েশন সায়েন্স সেন্টারে। সেখানে প্রদর্শনীর অংশ হিসেবে রাখা অবসরপ্রাপ্ত একটি বিশাল এয়ারবাস এ ৩৪০বিমানে হঠাৎ আগুন ধরে যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিশাল বিমানটির ওপরের অংশ থেকে আগুনের শিখা বেরিয়ে আসছে। আগুন যত বাড়তে থাকে, ততই ঘন হতে থাকে কালো ধোঁয়ার কুণ্ডলী। কয়েক মুহূর্তের মধ্যেই বিমানটিকে ঘিরে তৈরি হয় ভয়াবহ এক দৃশ্য। একসময় যে বিমান হাজার হাজার ফুট ওপরে উড়ে যাত্রী পরিবহন করত, সেটিই তখন মাটিতে দাঁড়িয়ে আগুনের সঙ্গে লড়ছে। ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। আগুন যাতে আশপাশের স্থাপনায় ছড়িয়ে পড়তে না পারে, সেজন্য দ্রুত শুরু হয় নিয়ন্ত্রণের চেষ্টা। দমকলকর্মীরা ফায়ার ট্রাক ও অন্যান্য সরঞ্জাম ব্যবহার করে বিমানের দিকে একটানা পানি ছুড়তে থাকেন।
কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কাজ মোটেও সহজ ছিল না। আগুনের তাপ ও শিখা ক্রমেই ভয়ংকর হয়ে উঠছিল। এর মধ্যেই বিমানের পেছনের অংশে আগুনের প্রভাব আরও স্পষ্ট হয়ে ওঠে। একপর্যায়ে বিমানের লেজের অংশ ভেঙে পড়ে। আগুনের তীব্রতায় বিমানের লেজের অংশটি ভেঙে সরাসরি নিচে থাকা একটি ফায়ার ট্রাকের ওপর আছড়ে পড়ে, যা উদ্ধারকর্মীদের কাজের ঝুঁকি আরও বাড়িয়ে দেয়। সবচেয়ে বড় স্বস্তির বিষয় হলো, ঘটনাটি ঘটার পর দর্শনার্থী ও কেন্দ্রের কর্মীদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়। ফলে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আর এই ঘটনার সবচেয়ে অদ্ভুত দিক হলো, এটি কোনো সাধারণ বিমানবন্দর বা রানওয়ের ঘটনা নয়। যে বিমানটি একসময় আকাশে উড়ে মানুষের গন্তব্যে পৌঁছে দিত, সেটিই অবসরের পর জায়গা পেয়েছিল একটি বিজ্ঞান ও বিমান চলাচল কেন্দ্রের প্রদর্শনীতে। আর সেখানেই হঠাৎ আগুনে জ্বলতে দেখা গেল সেই বিশাল বিমানকে।তবে আগুনের সূত্রপাত কীভাবে হলো, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন। কয়েক মিনিটের আগুনে বদলে গেল পুরো দৃশ্য দর্শনীর আকর্ষণ হয়ে থাকা বিমানটি পরিণত হলো আগুন, ধোঁয়া আর আতঙ্কের কেন্দ্রবিন্দুতে। এখন তদন্ত শেষ হলেই জানা যাবে, ঠিক কী কারণে এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল।