বাংলাদেশের ইস্পোর্টস শিল্পের আন্তর্জাতিক অঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের ইঙ্গিত দিয়েছে দেশীয় ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান Ecube। চীনে গেমিং ও প্রযুক্তি প্রতিষ্ঠান Tencent-এর হেডকোয়ার্টারে প্রতিষ্ঠানটির প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন Ecube-এর স্বত্বাধিকারীরা। বৈঠকে বাংলাদেশে পাবজি মোবাইল -এর কার্যক্রম সম্প্রসারণ, ইস্পোর্টস ইকোসিস্টেমের উন্নয়ন এবং সম্ভাব্য বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে বাংলাদেশের বাজারে পাবজি মোবাইল-এর সম্ভাবনা আরও কার্যকরভাবে কাজে লাগানো এবং ভবিষ্যতে গেমটিকে ঘিরে বৃহত্তর পরিসরে কার্যক্রম পরিচালনার বিষয়টি গুরুত্ব পায়। পাশাপাশি দেশের প্রতিযোগিতামূলক গেমিং খাতকে আরও সংগঠিত ও শক্তিশালী করার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

এ বৈঠক বাংলাদেশের ইস্পোর্টস খাতের জন্য আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। এর মাধ্যমে দেশের গেমিং কমিউনিটি, টুর্নামেন্ট আয়োজন এবং প্রতিযোগিতামূলক গেমিংয়ের বিকাশে নতুন সুযোগ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে।

Ecube প্রতিনিধিরা জানান, বৈঠকে বাংলাদেশে পাবজি মোবাইলকে কেন্দ্র করে বড় পরিসরে বিনিয়োগের পরিকল্পনার কথাও জানিয়েছে Tencent কর্তৃপক্ষ। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে দেশের ইস্পোর্টস শিল্পে নতুন কর্মসংস্থান, প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট আয়োজন এবং গেমারদের জন্য আরও বিস্তৃত সুযোগ তৈরি হবে। বাংলাদেশে তরুণদের মধ্যে মোবাইল গেমিংয়ের জনপ্রিয়তা ইস্পোর্টস খাতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই আগ্রহকে কেন্দ্র করে আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা, দক্ষ খেলোয়াড় তৈরি এবং গেমিং কমিউনিটির জন্য উন্নত সুযোগ-সুবিধা গড়ে তোলার ক্ষেত্রেও নতুন উদ্যোগ নেওয়া সম্ভব হবে।