ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথিদের সম্ভাব্য হামলার আশঙ্কায় সৌদি আরবের রাজধানী রিয়াদের ৯৯ তলাবিশিষ্ট কিংডম সেন্টারের সব অফিসে হোম অফিসের নির্দেশ দেওয়া হয়েছে। রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কর্মীদের বাসা থেকে অফিসের কাজ পরিচালনা করতে বলা হয়েছে। তবে ভবনটির নিচতলার শপিংমল খোলা রয়েছে।


ভবনটির ভাড়াটেদের পাঠানো এক ই-মেইলে অফিস ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্মীদের নির্ধারিত সময়ে অফিসে না আসার অনুরোধ জানিয়েছে। সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।


এদিকে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হুথিদের সম্ভাব্য হামলার আশঙ্কায় নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর বিমান চলাচল বন্ধ থাকায় সৌদি আরবে আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।


শনিবার জারি করা এক নিরাপত্তা সতর্কবার্তায় সৌদি আরবে অবস্থিত মার্কিন মিশন জানায়, বিমানবন্দরে হামলার আশঙ্কার পাশাপাশি আকাশসীমা বন্ধ, ফ্লাইট বাতিল এবং ভ্রমণে অন্যান্য বিঘ্ন ঘটতে পারে।


রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম স্থগিত


মার্কিন মিশনের তথ্য অনুযায়ী, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম এখনও স্থগিত রয়েছে। অন্যদিকে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর এবং দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর চালু রয়েছে। তবে এসব বিমানবন্দরে কিছু ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণে বিলম্ব এবং বাতিলের ঘটনা ঘটছে।


সৌদি আরবের বিমানবন্দর ব্যবহার করে যাতায়াতের পরিকল্পনা করা মার্কিন নাগরিকদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্স ও বিমানবন্দরের কাছ থেকে ফ্লাইটের সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


এ ছাড়া আরও হামলার আশঙ্কা এবং ফ্লাইটের সময়সূচি ও আকাশসীমার পরিস্থিতিতে আকস্মিক পরিবর্তনের বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। একই সঙ্গে সৌদি আরবের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের মোবাইল ফোনে পাঠানো জাতীয় জরুরি সতর্কবার্তা অনুসরণ করার আহ্বান জানিয়েছে মার্কিন মিশন।