নিজের গবেষণার অভিজ্ঞতা তুলে ধরে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, তাঁর পিএইচডির মূল গবেষণার বিষয়টি নির্ধারণ করে দিয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার স্বীকৃতিস্বরূপ আয়োজিত ‘এমজিআই-এমএএ স্কলারশিপ ২০২৬’ প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে শিক্ষামন্ত্রী তাঁর মালয়েশিয়ায় অবস্থানের দিনগুলোর স্মৃতিচারণ করেন। তিনি বলেন, “আমি মালয়েশিয়া থাকাকালীন রিসার্চ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। এবং আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান। আমি ওনার সঙ্গে লন্ডনে দেখা করতে গেলে উনি আমার হায়ার স্ট্যাডিজ টপিক দেখে বললেন, ‘ভেবেছিলাম কোনো একদিন সুযোগ পেলে আপনাকে এই মন্ত্রণালয়ে কাজ করাবো, কিন্তু আপনার টপিক দেখে ভাবলাম আপনাকে দিয়ে কাজ করানো যাবে না।’”
তিনি আরও যুক্ত করেন, “পরবর্তীতে তিনি আমার টপিক কেটে দিয়ে ‘হায়ার’-এর জায়গায় ‘টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেইনিং (TVET)’ লিখে দিলেন। এটিই হচ্ছে উনার চিন্তাভাবনা ও দূরদর্শিতা। আর উনিই এখন দেশের প্রধানমন্ত্রী।”
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রতি প্রধানমন্ত্রীর সেই সময়ে দেখানো দূরদর্শিতার কারণেই আজ দেশের শিক্ষাব্যবস্থায় এই খাতটিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।