প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রযুক্তিনির্ভর দক্ষতা বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে ঘোষণা করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শিক্ষার ভবিষ্যৎ পুরোপুরি প্রযুক্তিনির্ভর উল্লেখ করে তিনি বলেন, প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে শিক্ষকদের দক্ষ করে তোলার বিকল্প নেই।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম কর্মসূচির অংশ হিসেবে গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে এডুকেশন হাউস অ্যাট ইউএনজিএ ৮১ (Education House at UNGA 81) আয়োজিত এক বৈশ্বিক সংলাপে অংশ নিয়ে প্রতিমন্ত্রী এ কথা জানান। সংলাপের মূল প্রতিপাদ্য ছিল ‘এমপাওয়ারিং টিচার্স ইন লো-রিসোর্স ক্লাসরুমস টু কো-ডিজাইন এডটেক ফর স্টুডেন্ট-সেন্টার্ড লার্নিং’ (Empowering Teachers in Low-Resource Classrooms to Co-Design EdTech for Student-Centered Learning)।
প্রধান অতিথির বক্তব্যে ববি হাজ্জাজ জোর দিয়ে বলেন, “প্রযুক্তি কখনো শিক্ষকের বিকল্প নয়, বরং এটি শিক্ষকের সক্ষমতা বৃদ্ধির একটি কার্যকর হাতিয়ার।” বিশেষ করে স্বল্প-সম্পদসম্পন্ন শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়াকে আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করতে প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, “আমরা চাই আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা শুধু প্রযুক্তি ব্যবহারকারী হবেন না, বরং শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী প্রযুক্তিকে কীভাবে উদ্ভাবনী উপায়ে কাজে লাগানো যায়, সে বিষয়ে নিজেরাও ভূমিকা রাখবেন।” শিক্ষকদের অভিজ্ঞতা ও প্রযুক্তির সম্ভাবনাকে কাজে লাগিয়েই শিক্ষার্থীকেন্দ্রিক শিক্ষা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
প্রাথমিক শিক্ষায় ডিজিটাল প্রযুক্তির প্রসারের পাশাপাশি শিক্ষকদের প্রশিক্ষণ, শ্রেণিকক্ষের বাস্তবতা, শিক্ষার্থীদের শেখার ফলাফল এবং স্থানীয় প্রয়োজনকে সমান গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেন প্রতিমন্ত্রী। এ ক্ষেত্রে আন্তর্জাতিক অভিজ্ঞতা ও অংশীদারদের সহযোগিতাকে কাজে লাগিয়ে বাংলাদেশে কার্যকর প্রযুক্তিনির্ভর উদ্যোগ গ্রহণ করা হবে বলে তিনি জানান।
উক্ত অনুষ্ঠানে প্যানেল আলোচনায় আরও অংশ নেন মালদ্বীপের শিক্ষা, উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী ড. আহমেদ মোহামেদ, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (ITU) সিনিয়র অ্যাডভাইজার অ্যালেক্স ওয়ং এবং ইউনেস্কোর পরিচালক বোরহানে চাকরুন।
পরবর্তীতে প্রতিমন্ত্রী নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল আয়োজিত ‘ফ্রম ক্লাসরুম টু ইকোনমি: মডার্নাইজিং বাংলাদেশ’স এডুকেশন অ্যান্ড স্কিলস-টার্নিং লার্নিং ইনটু জবস, এন্টারপ্রাইজ অ্যান্ড ইকোনমিক স্ট্রেংথ’ শীর্ষক আরেকটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সেখানে তিনি শ্রেণিকক্ষের শিক্ষা ও বাস্তব জীবনের দক্ষতার মধ্যে কার্যকর সংযোগ তৈরির আহ্বান জানান, যাতে ভবিষ্যৎ প্রজন্ম তাদের জ্ঞানকে কর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে কাজে লাগাতে পারে।