বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে এখন থেকে ২৪ ঘণ্টা দুটি অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকবে। ফলে রাতেও শিক্ষার্থীরা জরুরি অ্যাম্বুলেন্স সেবা পাবেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ মো. আতিকুর রহমানের উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার সহযোগিতায় এ ব্যবস্থা চালু করা হয়।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান বলেন, শিক্ষার্থীদের মৌলিক চিকিৎসাসেবা নিশ্চিত করা তাঁদের অন্যতম অগ্রাধিকার। রাতে একটি অ্যাম্বুলেন্স সচল থাকায় জরুরি সময়ে শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হতো। বিষয়টি নিয়ে পরিবহন শাখার পরিচালকের সঙ্গে আলোচনা করে দুটি অ্যাম্বুলেন্স সার্বক্ষণিক চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

বাকৃবির পরিবহন শাখার পরিচালক অধ্যাপক ড. এ. কে. এম. আদহাম বলেন, শিক্ষার্থীদের তাৎক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিত করাই তাঁদের প্রধান লক্ষ্য। জনবল ও ব্যবস্থাপনার সীমাবদ্ধতার কারণে আগে একটি অ্যাম্বুলেন্স সচল রাখা হতো। এখন থেকে ২৪ ঘণ্টা দুটি অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকবে, যাতে জরুরি প্রয়োজনে কোনো শিক্ষার্থীকে অপেক্ষা করতে না হয়।