দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৩২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন ঢাকা বিভাগের (সিটি করপোরেশন ছাড়া) এবং একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বাসিন্দা।

নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ২৮০ জন ঢাকা বিভাগে (সিটি করপোরেশন ছাড়া) হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া খুলনায় ২৪১, চট্টগ্রামে ২০৯, বরিশালে ২০৪, ডিএসসিসিতে ১৭০, ময়মনসিংহে ১১২, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ১০৬, রাজশাহীতে ৫৭ এবং রংপুরে ৫৩ জন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৭৪ হাজার ৫৩৬ জন। তাদের মধ্যে ৬৬ হাজার ২৫৬ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে মোট ২১৪ জনের মৃত্যু হয়েছে।

চলতি বছরে আক্রান্তদের মধ্যে পুরুষ ৬২ দশমিক ৪ শতাংশ এবং নারী ৩৭ দশমিক ৬ শতাংশ। তবে মৃতদের মধ্যে নারীর হার ৫৩ দশমিক ১ শতাংশ এবং পুরুষের হার ৪৬ দশমিক ৯ শতাংশ।