দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৬ জন ডেঙ্গু রোগী।
সোমবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৩ জনে। এর মধ্যে সেপ্টেম্বরের প্রথম ২৮ দিনেই মারা গেছেন ১৩৬ জন। আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
বুলেটিনে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৩৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ হাজার ৭৩০ জনে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ২ হাজার ৬৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭০ হাজার ২৫৮ জন।
নতুন ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৮০৭ জন ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৩২৩ জন, খুলনায় ২৬৭ জন, বরিশালে ২৫৪ জন, ময়মনসিংহে ১১৫ জন, রংপুরে ৬২ জন এবং রাজশাহীতে ১৯৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।