দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও নয় শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হাম আক্রান্ত কোনো শিশুর মৃত্যু হয়নি। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৩৪১ শিশু হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত এসব মৃত্যু ও হাসপাতালে ভর্তির ঘটনা ঘটে। রোববার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশে ৯৯৫ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০১ শিশু। ফলে হাম ও হামের উপসর্গে মোট শিশুমৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৬ জনে।

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী হিসেবে ১ হাজার ২২৮ শিশু এবং নিশ্চিত হাম আক্রান্ত ১১৩ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। অর্থাৎ এক দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৪১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।

১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত সন্দেহজনক হাম রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৬৬ হাজার ৩১০ শিশু। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৫৯ হাজার ৫১৯ জন।