বাংলাদেশ ও ইরাকের মধ্যে কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি এবং নিয়মিত রাজনৈতিক পরামর্শক সভা আয়োজনের কাঠামো প্রতিষ্ঠায় দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বাগদাদে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)-এর কাউন্সিল অব ফরেন মিনিস্টার্সের (সিএফএম) বৈঠকের সাইডলাইনে এ সমঝোতা স্মারক দুটি সই হয়।
বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং ইরাকের পক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হোসেন সমঝোতা স্মারকগুলোতে স্বাক্ষর করেন।
এ সময় দুই দেশের মন্ত্রী পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি বাংলাদেশ ও ইরাকের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
তারা আশা প্রকাশ করেন, এ সমঝোতা স্মারক দুটি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গতিশীল করবে এবং ভবিষ্যতে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরিতে ভূমিকা রাখবে।
স্বাক্ষর অনুষ্ঠানে ইরাকে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. মাকসুদুল হক উপস্থিত ছিলেন।