মাঠজুড়ে সোনালি ফসল, অথচ সেই ফসল ঘরে তুলতেই কৃষকের কপালে চিন্তার ভাঁজ। কৃষিশ্রমিকের সংকট, বাড়তি মজুরি আর সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলা - সব মিলিয়ে চাষাবাদে বাড়ছে চ্যালেঞ্জ। এমন বাস্তবতায় কৃষকের পাশে এসে দাঁড়িয়েছে আধুনিক প্রযুক্তি। লাঙল-জোয়ালের চিরচেনা কৃষিতে এখন যুক্ত হচ্ছে যন্ত্রের গতি, আর সেই পরিবর্তনের পথ দেখাচ্ছে দেশের করপোরেট প্রতিষ্ঠানগুলো।
কৃষিকে আরও গতিশীল, সাশ্রয়ী ও উৎপাদনমুখী করতে যান্ত্রিকীকরণের বিকল্প ক্রমেই সংকুচিত হচ্ছে। জমি প্রস্তুত, বীজ বপন থেকে শুরু করে ফসল কাটা ও মাড়াই—প্রতিটি ধাপেই যন্ত্রের ব্যবহার বাঁচাচ্ছে শ্রম ও সময়। তবে ব্যয়বহুল যন্ত্রপাতি সাধারণ কৃষকের নাগালে পৌঁছানো ছিল বড় বাধা। সরকারের ভর্তুকি আর বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগ সেই বাধা পেরিয়ে আধুনিক কৃষির দুয়ার খুলছে নতুন সম্ভাবনায়।
কৃষি যান্ত্রিকীকরণে এই অগ্রযাত্রায় উল্লেখযোগ্য ভূমিকা রাখছে এসিআই অ্যাগ্রোবিজনেস। সোনালিকা ট্রাক্টর ও জাপানের ইয়ানমার কম্বাইন হারভেস্টারের মাধ্যমে জমি তৈরি থেকে ফসল সংগ্রহ পর্যন্ত কৃষকের প্রয়োজন মেটাচ্ছে প্রতিষ্ঠানটি। শুধু যন্ত্র সরবরাহেই থেমে নেই তাদের কার্যক্রম; প্রশিক্ষণ, স্মার্ট অ্যাগ্রিকালচার অ্যাপের মাধ্যমে কারিগরি সহায়তা এবং কিস্তিতে অর্থায়নের ব্যবস্থাও রয়েছে। প্রযুক্তির সঙ্গে সেবার এই সমন্বয় কৃষকের জন্য যান্ত্রিক চাষাবাদকে করছে আরও সহজ ও নির্ভরযোগ্য।
অন্যদিকে, নব্বইয়ের দশক থেকেই কৃষিযন্ত্রের বাজারে নিজেদের অবস্থান শক্ত করেছে দ্য মেটাল প্রাইভেট লিমিটেড। টাফে ও আইশার ট্রাক্টরের পাশাপাশি হারভেস্টার ও সিডার সরবরাহের মাধ্যমে কৃষিকাজে গতি আনছে প্রতিষ্ঠানটি। দেশজুড়ে ডিলার নেটওয়ার্ক ও মাঠপর্যায়ে বিক্রয়োত্তর সেবা কৃষকদের আস্থা বাড়াচ্ছে। পাশাপাশি স্থানীয় মেকানিকদের প্রশিক্ষণ দিয়ে যন্ত্রের রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার সঙ্গে গ্রামীণ কর্মসংস্থানেও তৈরি হচ্ছে নতুন সুযোগ।
আমদানিনির্ভরতার বিপরীতে দেশীয় প্রযুক্তির সম্ভাবনা তুলে ধরছে সিলেটের আলীম ইন্ডাস্ট্রিজ। স্থানীয় মাটি, ফসল ও কৃষকের সামর্থ্য বিবেচনায় তৈরি পাওয়ার টিলার, মাড়াইযন্ত্র ও সিডার তুলনামূলক সাশ্রয়ী সমাধান দিচ্ছে। দেশে তৈরি যন্ত্রাংশ সহজলভ্য হওয়ায় মেরামত ও রক্ষণাবেক্ষণেও কৃষকের ব্যয় কমানোর সুযোগ রয়েছে। অর্থাৎ, দেশীয় উদ্ভাবন শুধু কৃষকের প্রয়োজন মেটাচ্ছে না, বরং কৃষিপ্রযুক্তিতে দেশের নিজস্ব সক্ষমতা বাড়ানোর পথও প্রশস্ত করছে।
এই ধারায় নতুন মাত্রা যোগ করছে উই অ্যাগ্রো মেশিনারিজ। মিনি কম্বাইন হারভেস্টার, রিপার ও পটেটো ডিগারের মতো যন্ত্রের মাধ্যমে ছোট ও মাঝারি কৃষকের প্রয়োজন পূরণে গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি। মাঠপর্যায়ে মোবাইল সার্ভিসিং সুবিধা থাকায় ব্যস্ত মৌসুমে যন্ত্র বিকল হলে দ্রুত সহায়তা পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে। পাশাপাশি আবেদীন, উত্তরণ ও আরএফএলের মতো প্রতিষ্ঠান এবং নতুন করে ইস্পাহানি অ্যাগ্রো ও প্যারাগনের অগ্রযাত্রায় বাড়ছে এই খাতের প্রতিযোগিতা ও সম্ভাবনা।
তবে কৃষিতে যন্ত্রের ব্যবহার বাড়ানোই শেষ কথা নয়; প্রয়োজন সহজ অর্থায়ন, দক্ষ চালক, নির্ভরযোগ্য যন্ত্রাংশ ও সার্বক্ষণিক রক্ষণাবেক্ষণ। সরকারি সহায়তার আওতায় হাওর ও উপকূলীয় অঞ্চলে যন্ত্র কেনায় সর্বোচ্চ ৭০ শতাংশ এবং অন্যান্য অঞ্চলে সর্বোচ্চ ৫০ শতাংশ ভর্তুকির সুযোগ এই অগ্রযাত্রাকে করেছে আরও গতিশীল। করপোরেট উদ্যোগ ও সরকারি সহযোগিতা কার্যকরভাবে একসূত্রে মিললে কৃষকের উৎপাদন ব্যয় কমানো এবং ফসল দ্রুত ঘরে তোলার সুযোগ বাড়বে। আর সেই পথ ধরেই যান্ত্রিকীকরণ হয়ে উঠতে পারে বাংলাদেশের কৃষিকে আধুনিক, শ্রমসংকট-সহনশীল ও খাদ্যনিরাপত্তায় আরও শক্তিশালী করার অন্যতম হাতিয়ার।