অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে সরকারি সফর শেষ করে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার (১৭ অক্টোবর) তিনি দেশে ফেরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, সফরের প্রথম পর্যায়ে সেনাপ্রধান অস্ট্রেলিয়ার পার্থে আয়োজিত ‘চিফ অব আর্মি সিম্পোজিয়াম অ্যান্ড ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সপোজিশন ২০২৬’-এ অংশ নেন।
সফরকালে তিনি মেলবোর্নের ডিকিন ইউনিভার্সিটি পরিদর্শন করেন। এ সময় বাংলাদেশের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) এবং বিশ্ববিদ্যালয়টির মধ্যে শিক্ষা ও গবেষণায় সহযোগিতা বৃদ্ধি এবং অ্যাকাডেমিক বিনিময় কার্যক্রম সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।
অস্ট্রেলিয়া সফর শেষে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ‘অ্যাসোসিয়েশন অব দ্য ইউএস আর্মি (এইউএসএ) অ্যানুয়াল মিটিং অ্যান্ড এক্সপোজিশন’-এ যোগ দেন সেনাপ্রধান।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সফরের বিভিন্ন পর্যায়ে জেনারেল ওয়াকার-উজ-জামান অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। পাশাপাশি দুই দেশের বিভিন্ন সামরিক স্থাপনাও পরিদর্শন করেন তিনি।
এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এবং ইউনাইটেড স্টেটস আর্মি প্যাসিফিকের (ইউএসএআরপ্যাক) মধ্যে বিদ্যমান পেশাগত সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করছে আইএসপিআর। একই সঙ্গে পারস্পরিক সহযোগিতা, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগও বাড়বে বলে মনে করা হচ্ছে।