বাংলাদেশ কোনো একটি দেশের ওপর নির্ভরশীল হয়ে থাকতে চায় না; বরং পারস্পরিক শ্রদ্ধা ও মর্যাদার ভিত্তিতে আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগে সমান অংশীদার হতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির। একই সঙ্গে তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিগগিরই সৌদি আরব সফর করবেন। আগামী ২৬ অক্টোবর চার দিনের সরকারি সফরে তাঁর জাপান যাওয়ার কথা রয়েছে।
শনিবার (১০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সরকারের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার এবং মধ্যপ্রাচ্য ও পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের পরিকল্পনা তুলে ধরেন প্রতিমন্ত্রী।
হুমায়ূন কবির বলেন, বাংলাদেশ কোনো দেশের ওপর একতরফা নির্ভরশীল থাকতে আগ্রহী নয়। বরং বৈশ্বিক অর্থনীতিতে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে চায়।
সৌদি আরবের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, দুই দেশের সম্পর্ককে শুধু শ্রমবাজারের মধ্যে সীমাবদ্ধ না রেখে ব্যবসা, শিল্প ও বিনিয়োগের বিস্তৃত ক্ষেত্রে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
মক্কা ও মদিনার নিরাপত্তার বিষয়ে বাংলাদেশের দৃঢ় অবস্থান তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, পবিত্র এ দুই স্থানের নিরাপত্তা হুমকির মুখে পড়লে প্রয়োজনীয় সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত। মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বাংলাদেশের সেনাবাহিনীর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অর্জিত অভিজ্ঞতাও কাজে লাগানো যেতে পারে বলে তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফর প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, ২৬ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া চার দিনের সফরে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতা এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পাবে। পাশাপাশি সৌদি আরবের সঙ্গে উচ্চপর্যায়ের যোগাযোগ ও সহযোগিতা জোরদারেও সরকার কাজ করছে।