যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে দেশটির আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করেছে ঢাকার মার্কিন দূতাবাস। দেশটিতে অবস্থানকালে কোনো বিদেশি নাগরিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ালে তাঁর ভিসা বাতিল হতে পারে। পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রেও স্থায়ী নিষেধাজ্ঞার মুখে পড়ার আশঙ্কা রয়েছে।

শনিবার দেওয়া এক বার্তায় এ বিষয়ে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস।

দূতাবাসের বার্তা অনুযায়ী, শারীরিক হামলা, চুরি এবং জোরপূর্বক চুরি বা অনুপ্রবেশের মতো অপরাধে জড়িত ব্যক্তিদের যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে। এসব অপরাধের কারণে সংশ্লিষ্ট ব্যক্তির ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের যোগ্যতাও ক্ষতিগ্রস্ত হতে পারে।

মার্কিন দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রে আইন ও শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটিতে ভ্রমণ করতে যাওয়া বিদেশি পর্যটক ও অন্যান্য নাগরিকদেরও স্থানীয় আইন ও বিধিবিধান মেনে চলতে হবে।

এ অবস্থায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে যেকোনো ধরনের আইনবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার পাশাপাশি দেশটির প্রচলিত আইন ও নিয়মকানুন অনুসরণের জন্য বিদেশি নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে দূতাবাস।