মহালয়া ও দেবীপক্ষের সূচনালগ্নে মানুষের মন ও চিন্তা থেকে অশুভ ভাবনা, বিদ্বেষ ও বিভেদ দূর করে শুভবোধ জাগ্রত করার আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

শনিবার (১০ অক্টোবর) সকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহালয়া উপলক্ষে আয়োজিত ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

ভারতীয় হাইকমিশনার বলেন, মহালয়া শুধু দেবীপক্ষের সূচনা বা মা দুর্গার আগমনের বার্তা নয়, এটি আত্মশুদ্ধি এবং মনের অশুভ চিন্তা দূর করারও একটি গুরুত্বপূর্ণ সময়। মানুষের চিন্তা ও আচরণে যেন বিদ্বেষ, বিভেদ কিংবা অসুরসুলভ মানসিকতা জায়গা না পায়, সেটিই এ দিনের অন্যতম শিক্ষা।

তিনি আরও বলেন, প্রয়াত পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় তর্পণের মাধ্যমে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ তাৎপর্য রয়েছে। একই সঙ্গে বিশ্বশান্তি, মানবকল্যাণ ও পারস্পরিক সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য প্রার্থনা করেন তিনি।

সমাজ থেকে অন্যায়, অবিচার ও সংকীর্ণতা দূর করে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন দীনেশ ত্রিবেদী। অনুষ্ঠানে শিল্পীদের পরিবেশিত সংগীত ও চণ্ডীপাঠের প্রশংসা করে আয়োজকদের ধন্যবাদ জানান তিনি।

শৈশবে কলকাতায় ভোরবেলা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহালয়া ও চণ্ডীপাঠ শোনার স্মৃতিও তুলে ধরেন ভারতীয় হাইকমিশনার। পাশাপাশি আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সবার জীবনে আনন্দ ও সুখ কামনা করেন তিনি।