চলতি বছরের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব শিক্ষার্থীর জন্য এক বছর অপেক্ষা না করিয়ে তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষা নেওয়া সম্ভব কি না, তা বিবেচনা করছে সরকার। শনিবার (১০ অক্টোবর) চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আয়োজিত ‘চ্যালেঞ্জ শিক্ষার্থী সম্মেলনে’ এ তথ্য জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদী আমিন।
তিনি বলেন, এসএসসির ফলাফল দিয়ে জীবনের সফলতা কিংবা ব্যর্থতা নির্ধারণ করা যায় না। অকৃতকার্য শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিবেচনায় নিয়ে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণের পরিকল্পনা করছে।
মাহাদী আমিন আরও জানান, শিক্ষার্থীদের আগ্রহ ও দক্ষতা অনুযায়ী কাউকে প্রশিক্ষণ দেওয়া হবে, কাউকে ব্যবসা শুরু করতে ঋণ দেওয়া হবে। আবার কেউ তৃতীয় ভাষায় দক্ষতা অর্জন করে বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারেন। তবে যারা পড়াশোনা চালিয়ে যেতে চান, তাঁদের জন্যও সেই সুযোগ উন্মুক্ত থাকবে।