শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি।
শনিবার ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে নিজ নিজ ধর্মীয় উৎসব আনন্দ ও উৎসাহের সঙ্গে পালন করে আসছেন। দুর্গাপূজাও যেন সবার অংশগ্রহণে আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।
তিনি পূজামণ্ডপের নিরাপত্তা জোরদার, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং সামাজিক সম্প্রীতি অটুট রাখার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপন পরিষদের নেতাদের সমন্বিতভাবে সতর্ক থাকার নির্দেশনা দেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।