বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক এবং ভবিষ্যৎমুখী দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রাখার বার্তা দিয়েছে ভারত। একই সঙ্গে দুই দেশের মধ্যকার যাবতীয় দ্বিপক্ষীয় বিষয় বিদ্যমান কাঠামোগত ব্যবস্থার মাধ্যমেই আলোচনায় বসতে ভারতের প্রস্তুতির কথা জানানো হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে আয়োজিত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান মুখপাত্র রণধীর জয়সওয়াল।

বাংলাদেশ-ভারত সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ ও বর্তমান অবস্থান নিয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র জানান, ভারতের এই অবস্থান আগেও স্পষ্ট করা হয়েছে। ভারত সবসময়ই বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্কের সমীকরণ বজায় রাখতে আগ্রহী

তিনি আরও উল্লেখ করেন, দুই প্রতিবেশী দেশের পারস্পরিক ও দ্বিপক্ষীয় সব বিষয়াদি বিদ্যমান দ্বিপক্ষীয় কাঠামোগত ব্যবস্থার আওতাতেই আলোচনা ও নিষ্পত্তির জন্য ভারত পুরোপুরি প্রস্তুত রয়েছে।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের কোনো বৈঠক অনুষ্ঠিত হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল জানান, এই মুহূর্তে তাঁর কাছে এ ধরনের কোনো বৈঠকের সুনির্দিষ্ট তথ্য নেই। তবে এ বিষয়ে পরবর্তীতে নতুন কোনো সিদ্ধান্ত বা অগ্রগতি হলে তা গণমাধ্যমকে জানানো হবে।

উল্লেখ্য, নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভারতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আগামী ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে তাঁর ভাষণ দেওয়ার সূচি রয়েছে। এছাড়া নিউইয়র্ক অবস্থানকালে তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।