বার্সেলোনা মেসির চেয়েও বড়! নিজেকে কী মনে করেন তিনি?’ লিওনেল মেসিকে নিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করে ফুটবল বিশ্বে আলোচনার জন্ম দিয়েছেন বার্সেলোনার সাবেক সভাপতি হোয়ান গাসপার্ট। ক্লাবের ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলারের এখনও আনুষ্ঠানিক বিদায়ী সংবর্ধনা না হওয়ায় এবার সরাসরি মেসিকেই প্রশ্নের মুখে দাঁড় করালেন তিনি!

গাসপার্টের মতে, মেসির ফুটবলীয় যোগ্যতা নিয়ে কোনো প্রশ্নই নেই। তিনি বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন, এমনকি গাসপার্টের চোখে সেরাই। তবে মেসিকে মনে রাখতে হবে, তাঁর এই সাফল্যের পেছনে বার্সেলোনারও বিশাল অবদান রয়েছে। মাত্র ১৩ বছর বয়সে মেসিকে দলে নেওয়ার সময় বার্সেলোনার সভাপতি ছিলেন গাসপার্ট নিজেই। তাই মেসির প্রতি গভীর ভালোবাসা থেকেই তিনি মনে করিয়ে দিয়েছেন, কোনো ব্যক্তিই ক্লাবের চেয়ে বড় নন।

তবে এখানেই থামেননি বার্সেলোনার সাবেক এই সভাপতি। তাঁর ক্ষোভের মূল কারণ, এখনও প্রিয় ক্লাবের সমর্থকদের সামনে এসে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাননি মেসি। গাসপার্ট বলেছেন, তিনি মেসিকে আরও কিছুটা সময় দিতে চান। কিন্তু একটা সময়ের পর তাঁর বিরক্তি বাড়বে, কারণ মেসি যেন বার্সেলোনায় এসে সমর্থকদের বিদায় জানানোর ব্যাপারে খুব একটা চিন্তিত নন।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, মেসির বিদায়ী সংবর্ধনা নিয়ে ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তার সঙ্গে তাঁর সম্পর্কের টানাপোড়েনের প্রসঙ্গও উঠে এসেছে। গাসপার্টের স্পষ্ট বক্তব্য, ক্লাবের সভাপতি যেই থাকুন না কেন, মেসির উচিত বার্সেলোনায় ফিরে এসে সমর্থকদের বিদায় জানানো। শুধু লাপোর্তা সভাপতি আছেন বলে মেসি যদি সংবর্ধনায় অংশ নিতে না চান, কিংবা তাঁর পদ ছাড়ার অপেক্ষা করেন, তাহলে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না বলে মনে করেন তিনি।

এমনকি লাপোর্তা সভাপতি থাকাকালে মেসির জন্য সংবর্ধনার আয়োজন করা হলে, সেই অনুষ্ঠানে যোগ দিতেও রাজি নন বলে মন্তব্য করেছেন গাসপার্ট। তাঁর প্রশ্ন, মেসি কীভাবে নিজের বার্সেলোনা সফরকে নির্ভর করাতে পারেন লাপোর্তা পদে থাকবেন কি না, তার ওপর?

SoloparaculesTV পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে গাসপার্টের এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। একদিকে বার্সেলোনার প্রতি মেসির অবদান, অন্যদিকে ক্লাবের সঙ্গে তাঁর বিদায়ের অসমাপ্ত অধ্যায় সব মিলিয়ে প্রশ্ন একটাই, কবে প্রিয় ক্লাবে ফিরে সমর্থকদের আনুষ্ঠানিক বিদায় জানাবেন আর্জেন্টাইন মহাতারকা?