একদিন যাঁর বাঁ পায়ের মায়াবী ছোঁয়ায় মুগ্ধ হয়েছিল গোটা ফুটবল বিশ্ব, আজ সেই মেসিই খুঁজছেন আগামী দিনের ফুটবল জাদুকরদের! মেসি নিজে বেছে নেওয়া ১০ বিস্ময়প্রতিভার মধ্যে কোন একজন হবেন পরবর্তী মহাতারকা? ফুটবলের ইতিহাসে অনেক বিস্ময়বালক হারিয়ে গেছেন সময়ের আড়ালে, আবার কেউ কেউ হয়ে উঠেছেন কিংবদন্তি, যা শুধু সাধনা করলেই হওয়া যায় না।
লিওনেল মেসি নিজেও একসময় ছিলেন এক বিস্ময়বালক! আর্জেন্টিনার রোজারিও থেকে বার্সেলোনায় এসে নিজের মোহনীয় ফুটবলশৈলীতে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন এক কিশোর। সময়ের স্রোতে সেই কিশোরই হয়ে উঠেছেন ফুটবল ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ কিংবদন্তি। বিশ্বকাপ জয়সহ একের পর এক সাফল্যে পূর্ণ হয়েছে তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ার। আর এবার নিজের অভিজ্ঞতা আর ফুটবলীয় দৃষ্টিতে তিনি খুঁজে নিয়েছেন আগামী দিনের ১০ সম্ভাবনাময় তারকাকে!মজার ব্যাপার হল এদের মধ্যে মাত্র একজন খোদ আর্জেন্টিনার।
ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাসের ‘মেসি প্লাস টেন’ প্রচারণার তৃতীয় মৌসুমে নির্বাচিত হয়েছেন সাতজন ছেলে ও তিনজন মেয়ে ফুটবলার। রোববার প্রকাশিত এক ভিডিওতে এই উদীয়মান প্রতিভাদের পরিচয় তুলে ধরেছে অ্যাডিডাস ফুটবল। কিন্তু কারা সেই সৌভাগ্যবান ১০ জন, যাঁদের প্রতিভা নজর কেড়েছে স্বয়ং মেসির?
২০২৫ সালের জানুয়ারিতে শুরু হয়েছিল মেসি প্লাস টেন অভিযান। প্রথম মৌসুমের নির্বাচিতদের মধ্যে ছিলেন বার্সেলোনার লামিনে ইয়ামাল। দ্বিতীয় মৌসুমে জায়গা পেয়েছিলেন নিকো পাজ, রিও এনগুমোহা ও আন্দ্রে সান্তোসের মতো প্রতিশ্রুতিশীল ফুটবলাররা। এবার তৃতীয় অধ্যায়ে নতুন ১০ মুখ, নতুন স্বপ্ন আর নিজেদের প্রমাণ করার নতুন মঞ্চ!
তালিকার অন্যতম আকর্ষণ ইংল্যান্ডের ১৬ বছর বয়সী ম্যাক্স ডাউম্যান। আর্সেনালের এই কিশোর প্রতিভা নিজের অসাধারণ দক্ষতায় ইতিমধ্যে জন্ম দিয়েছেন নতুন প্রত্যাশার। অন্যদিকে, মেক্সিকোর গিলবার্তো মোরাকে ঘিরেও ফুটবল অঙ্গনে বাড়ছে আগ্রহ। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তাঁকে দলে ভেড়ানোর দৌড়ে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ।
আর্জেন্টাইন সমর্থকদের কাছে বিশেষ আবেগের নাম তোমাস আরান্দা। বোকা জুনিয়র্সের এই তরুণ প্লেমেকার বল পায়ে সৃজনশীলতা, নিপুণ কারিগরি দক্ষতা আর খেলার ছন্দ পাল্টে দেওয়ার সামর্থ্যে মুগ্ধ করেছেন অনেককেই। তাঁর প্রতিভায় আস্থা রেখেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও। বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচের সফরের দলেও জায়গা পেয়েছিলেন তিনি। কিন্তু ফিবুলা হাড় ভেঙে যাওয়ায় এখন তাঁর লড়াই মাঠের বাইরে। আপাতত অপেক্ষা, কবে সুস্থ হয়ে আবারও ফুটবল মাঠে নিজের নৈপুণ্য ছড়াবেন!
এ ছাড়া তালিকায় রয়েছেন তুরস্কের জান উজুন, স্পেনের হেসুস রদ্রিগেজ, নেদারল্যান্ডসের কেস স্মিত এবং যুক্তরাষ্ট্রের জেভিয়ার গুজো। মেয়েদের ফুটবলেও তিন প্রতিভার ওপর আস্থা রেখেছেন মেসি। তাঁরা হলেন ইংল্যান্ডের ক্লোয়ি সারয়, ব্রাজিলের জিওভান্না ওয়াকসমান এবং জার্মানির লোটা ফ্রিডে।
তবে মেসির পছন্দের তালিকায় জায়গা পাওয়াই শেষ কথা নয়। প্রতিভার ঝলককে ধারাবাহিক সাফল্যে রূপ দিতে প্রয়োজন কঠোর পরিশ্রম, অধ্যবসায় আর সঠিক সময়ে নিজেকে প্রমাণ করার ক্ষমতা। তাই এখন থেকেই শুরু অপেক্ষা এই ১০ তরুণের মধ্যে কার পায়ের জাদুতে আগামী দিনে মোহাবিষ্ট হবে ফুটবল বিশ্ব? কে ছাপিয়ে যাবেন প্রত্যাশার সীমা, আর কে হয়ে উঠবেন পরবর্তী প্রজন্মের আদর্শ? মেসির বেছে নেওয়া এই প্রতিভাদের ভবিষ্যৎই দেবে সেই উত্তর!