জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের এক বছর মেয়াদি বিএড ও বিএমএড দ্বিতীয় সেমিস্টারের পাঠদান অনুশীলন, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা ১২ অক্টোবর শুরু হয়ে ২৯ অক্টোবর পর্যন্ত চলবে।
সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। পরীক্ষার নম্বর এন্ট্রি, তথ্য পাঠানো ও অন্যান্য কার্যক্রম ইএমএস সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন করতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার নম্বর নির্ধারিত মডিউলে এন্ট্রি করে যাচাই শেষে ‘ফাইনাল সাবমিট’ করতে হবে। একবার চূড়ান্তভাবে জমা দেওয়ার পর নম্বর পরিবর্তনের সুযোগ থাকবে না। অনুপস্থিত পরীক্ষার্থীর ক্ষেত্রে নির্ধারিত নিয়মে ‘এ’ লিখতে হবে।
এ ছাড়া পরীক্ষার্থীদের হাজিরা শিট ইএমএস থেকে ডাউনলোড করা যাবে। অভ্যন্তরীণ ও বহিঃপরীক্ষকদের বিলও নির্ধারিত বিলিং সফটওয়্যারের মাধ্যমে পাঠাতে হবে। পরীক্ষা শেষ হওয়ার সাত দিনের মধ্যে বিল জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।