উচ্চশিক্ষার জন্য রোমানিয়ায় যেতে আগ্রহী বাংলাদেশিদের ভিসা আবেদন প্রক্রিয়াকরণে ঢাকায় আসছে দেশটির দূতাবাসের একটি প্রতিনিধি দল। আগামী ৮ থেকে ১১ অক্টোবর ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভ্রাম্যমাণ কনস্যুলার মিশনের মাধ্যমে এ সেবা দেওয়া হবে। শুক্রবার (২ অক্টোবর) দিল্লিতে অবস্থিত রোমানিয়া দূতাবাস এ তথ্য জানিয়েছে।

ভ্রাম্যমাণ কনস্যুলার মিশনের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশি শিক্ষার্থীদের স্টাডি ভিসার আবেদন গ্রহণ করা। পাশাপাশি বাংলাদেশি নাগরিকদের অন্যান্য জরুরি কনস্যুলার সেবাতেও সহায়তা করবে প্রতিনিধি দলটি।

তবে এ সেবা নিতে হলে আগে রোমানিয়ার সরকারি ই-ভিসা পোর্টালের মাধ্যমে আবেদন করে অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করতে হবে। দূতাবাস জানিয়েছে, কেবল যেসব আবেদনকারীর অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন রয়েছে, তাদের আবেদন গ্রহণ করা হবে। অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কেউ ভ্রাম্যমাণ কনস্যুলার মিশনে ভিসার আবেদন জমা দিতে পারবেন না।

দূতাবাস আবেদনকারীদের অ্যাপয়েন্টমেন্টের তথ্য সতর্কতার সঙ্গে যাচাই করার পাশাপাশি প্রয়োজনীয় সব কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে।

রোমানিয়ার সরকারি তথ্য অনুযায়ী, উচ্চশিক্ষার জন্য দেশটিতে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের সাধারণত দীর্ঘমেয়াদি D/SD স্টাডি ভিসা প্রয়োজন হয়। এ ভিসার জন্য রোমানিয়ার স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির প্রমাণ, বৈধ পাসপোর্ট, টিউশন ফি পরিশোধের প্রমাণ, পর্যাপ্ত আর্থিক সক্ষমতার প্রমাণ, পুলিশ ক্লিয়ারেন্স, স্বাস্থ্যবিমা ও আবাসনের প্রমাণসহ প্রয়োজনীয় নথি জমা দিতে হয়।

রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ই-ভিসা ব্যবস্থায় প্রথমে অনলাইনে আবেদন করতে হয়। আবেদনপত্র যাচাই ও অনুমোদনের পর নির্ধারিত সময়ের অ্যাপয়েন্টমেন্টে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে মূল কাগজপত্র ও কপি জমা দিতে হয় এবং প্রয়োজনীয় ভিসা ফি পরিশোধ করতে হয়।

বাংলাদেশি নাগরিকদের রোমানিয়ায় প্রবেশের জন্য ভিসা প্রয়োজন। দেশটির সরকারি ই-ভিসা পোর্টালেই আবেদন ও অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

ঢাকায় এই বিশেষ কনস্যুলার মিশন আয়োজনের ফলে রোমানিয়ায় উচ্চশিক্ষায় যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।