যেসব এলাকায় বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, সেখানে সারের সংকট নিয়ে কোনো আন্দোলন হয়নি বলে দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তার অভিযোগ, জামায়াতের সংসদ সদস্য নির্বাচিত হওয়া এলাকাগুলোতে পরিকল্পিতভাবে সারের কৃত্রিম সংকট তৈরি করে বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) কুড়িগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় কুড়িগ্রাম, রংপুর, নড়াইল, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, মেহেরপুর, বাগেরহাট ও সাতক্ষীরাসহ কয়েকটি এলাকার কথা উল্লেখ করেন তিনি। এসব এলাকায় সারের সংকট তৈরি করা হয়েছিল বলে দাবি করেন প্রতিমন্ত্রী।

মীর শাহে আলমের ভাষ্য, দেশের কোথাও প্রকৃত অর্থে সারের সংকট ছিল না। একটি রাজনৈতিক দল ও কিছু ডিলারের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রতিটি ইউনিয়নে প্রকৃত ব্যবসায়ীদের মধ্য থেকে নতুন করে সার ডিলার নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

তিনি বলেন, যেসব এলাকায় সার ডিলার পালিয়ে গেছেন বা নিখোঁজ রয়েছেন, সেসব শূন্য পদেও নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে। প্রতিটি ইউনিয়ন থেকে ইতোমধ্যে তিনজন করে সম্ভাব্য ডিলারের নাম প্রস্তাব করা হয়েছে।

স্থানীয় নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, আগামী জানুয়ারি থেকে ৩০ জুনের মধ্যে নির্বাচন শেষ করার পরিকল্পনা রয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে যোগ্য প্রার্থী মনোনয়ন এবং নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার কথাও জানান তিনি।