রাজধানীর মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশ, সিটি করপোরেশনের কর্মকর্তা ও ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান। মিরপুর-১৩ থেকে ১০ নম্বর এলাকার হোপ মার্কেটে উচ্ছেদ অভিযান চলাকালে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিটি করপোরেশনের সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ সদস্যরা আক্রান্ত হন। সংবাদ সংগ্রহে গিয়ে বাধার মুখে পড়েন গণমাধ্যমকর্মীরাও।

শফিকুর রহমান বলেন, ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত না করে এবং সাধারণ মানুষের চলাচলের পথ সচল রেখে সমন্বিত ও বাস্তবভিত্তিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এ ধরনের পদক্ষেপের আগে স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করা উচিত বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, উচ্ছেদ অভিযান পরিচালনার আগে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা নিশ্চিত করা দরকার। একই সঙ্গে দীর্ঘদিন ধরে এসব ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগের বিষয়েও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

মিরপুরের পরিস্থিতি নিয়ে সবাইকে আপাতত শান্ত থাকার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, সমস্যার সমাধান নিরপেক্ষ, বাস্তবভিত্তিক ও মানবিক উপায়ে করা প্রয়োজন।