বিগত সরকারের সময়ে দেশের শিক্ষাব্যবস্থা ও নৈতিক ভিত্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর অভিযোগ, শিক্ষার মান নিশ্চিত করার পরিবর্তে বেশি পাসের হার দেখানোর দিকে গুরুত্ব দেওয়া হয়েছিল।
বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, অতিরিক্ত রাজনৈতিক প্রভাবের কারণে শিক্ষার মান কমেছে। পাঠ্যবইয়ে ব্যক্তির প্রচার ও ছবি ব্যবহারে গুরুত্ব দেওয়া হলেও নৈতিক শিক্ষাকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি।
তিনি শিক্ষকদের শুধু নিজেদের দাবি আদায় নয়, শিক্ষার্থীদের মানসম্মত ও নৈতিক শিক্ষায় গড়ে তোলার দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষকসমাজের ন্যায্য দাবির প্রতি বিএনপির সমর্থনের কথাও তুলে ধরেন।