বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণে কিছুটা সময় লাগলেও তাদের ন্যায্য দাবি পূরণ করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর মা খালেদা জিয়ার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন।

বৃহস্পতিবার রাজধানীর রমনায় আইইবি মিলনায়তনে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের সমাবেশে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ন্যায্য দাবি থেকে শিক্ষক সমাজ বঞ্চিত হবে না। পাশাপাশি শিক্ষাব্যবস্থাকে রাজনীতিমুক্ত রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

গুণগত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু নিজেদের দাবি আদায় নয়, শিক্ষার্থীদের সুশিক্ষা দেওয়ার বিষয়েও শিক্ষকদের গুরুত্ব দিতে হবে।

সমাবেশে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহাদী আমিন জানান, সরকারের সক্ষমতা বিবেচনায় শিক্ষক-কর্মচারীদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার বিষয়ে সরকার ইতিবাচক। একই সঙ্গে আগের সরকারের সময়ে নিপীড়নের শিকার শিক্ষকদের মূল্যায়নের বিষয়টিও সরকার বিবেচনা করছে।