তুরস্কের পার্লামেন্টের স্পিকার ড. নুমান কুরতুলমুশের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) অনুষ্ঠিত বৈঠকে তুরস্ক পার্লামেন্টের বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান আকিফ ইলমাজ এমপিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, সংসদীয় গণতন্ত্রে জামায়াতে ইসলামীর ভূমিকা এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

এ সময় তুরস্কের পার্লামেন্টের স্পিকার বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন যাত্রার জন্য অভিনন্দন জানান। পাশাপাশি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে জামায়াতে ইসলামীর ভূমিকার প্রশংসা করেন তিনি।

ডা. শফিকুর রহমান বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ও গণতান্ত্রিক অগ্রগতি এবং সংসদীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে জামায়াতে ইসলামীর ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে রোহিঙ্গা সংকটের বিষয়টি তুলে ধরে এ সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সহযোগিতা প্রয়োজন বলে উল্লেখ করেন।

রোহিঙ্গাদের জন্য তুরস্কের মানবিক সহায়তা ও সহযোগিতার জন্য দেশটির সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। এ সময় তুরস্কের প্রেসিডেন্টের উদ্দেশে লেখা একটি চিঠি পার্লামেন্টের স্পিকারের কাছে হস্তান্তর করেন বিরোধীদলীয় নেতা।

বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি বাংলাদেশে তুরস্কের বিনিয়োগ বাড়ানো এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণের আহ্বান জানান ডা. শফিকুর রহমান।

দুই দেশের মধ্যে অর্থনীতি, সংসদীয় কার্যক্রম, শিক্ষা, প্রযুক্তি, শিল্প-সাহিত্য ও মানবিক সহযোগিতার পাশাপাশি জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে বৈঠকে আশাবাদ ব্যক্ত করা হয়।

বৈঠকে বিরোধীদলীয় নেতার সঙ্গে গাজীপুর সিটি করপোরেশনে জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমান ও চিকিৎসক এসএম খালিদুজ্জামান উপস্থিত ছিলেন।