বিমানবন্দরে যাত্রী হয়রানি ও সেবাসংক্রান্ত বিষয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

সোমবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অগ্নিনিরাপত্তা মহড়া পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, বিমানবন্দরের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। জরুরি পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে।

দায়িত্বে কোনো ধরনের গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনকারীদের যথাযথভাবে পুরস্কৃত করা হবে। নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দায়িত্ব পালনে সামান্য শিথিলতাও মেনে নেওয়া হবে না।