প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, টেকসই আবাসন শুধু একটি ঘর নয়; এর সঙ্গে নিরাপদ পানি, বিদ্যুৎ, পয়োনিষ্কাশন, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের মতো মৌলিক সুবিধাও জড়িত। তাই নাগরিকদের জন্য নিরাপদ, সাশ্রয়ী ও মর্যাদাপূর্ণ আবাসন নিশ্চিত করা সময়ের দাবি।

বিশ্ব বসতি দিবস উপলক্ষে সোমবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জনবহুল বাংলাদেশে সবার জন্য নিরাপদ আবাসন নিশ্চিত করা চ্যালেঞ্জিং হলেও সরকার এ লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে। পরিকল্পিত ও পরিবেশবান্ধব নগরায়ণ, মাস্টারপ্ল্যান প্রণয়ন, সেকেন্ডারি টাউনশিপ গড়ে তোলা এবং গ্রামাঞ্চলে নাগরিক সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, রাজধানী ও বড় শহরকেন্দ্রিক উন্নয়নের পরিবর্তে সারা দেশে ভারসাম্যপূর্ণ ও বিকেন্দ্রীভূত নগরায়ণ নিশ্চিত করতে সরকার কাজ করছে। নিম্ন ও নিম্ন-মধ্যম আয়ের মানুষের জন্য নিরাপদ ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করাও সরকারের অন্যতম অগ্রাধিকার।