বিভিন্ন দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শত শত অটোচালক। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তারা সড়কে অবস্থান নিলে প্রেস ক্লাবের সামনের দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
অটোচালকদের অভিযোগ, চার্জ দেওয়ার স্থানগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা, ট্রাফিক পুলিশের হয়রানি ও অটোরিকশা ডাম্পিংসহ নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে তাদের। যেসব সড়কে অটোরিকশা চলাচলের অনুমতি রয়েছে, সেখানে চলাচলের সুযোগ দেওয়ারও দাবি জানিয়েছেন তারা।
অবরোধের প্রভাবে সকাল থেকেই রামপুরা, বাড্ডা, মালিবাগ, খিলগাঁও, মতিঝিল, মিরপুর ও মোহাম্মদপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অটোরিকশা চলাচল কমে গেছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রেস ক্লাব এলাকায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।