ব্রাজিলের জার্সিতে মাঠে নামলেন, ম্যাচ শেষ হওয়ার আগেই চোটের শঙ্কায় ছুটলেন ড্রেসিংরুমে। এরপর দলের সঙ্গে ভারতে না গিয়ে সরাসরি পাড়ি জমালেন স্পেনে। সব মিলিয়ে রাফিনহাকে ঘিরে যখন দুশ্চিন্তা বাড়ছিল, তখনই মিলল একেবারে ভিন্ন খবর। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের ৪-২ গোলের জয়ের ম্যাচে ডান উরুতে ব্যথা পান রাফিনহা। ব্যথার তীব্রতা এতটাই ছিল যে, মাঠ ছাড়ার পর আর খেলায় ফিরতে পারেননি বার্সেলোনার এই তারকা। আর সেখান থেকেই শুরু হয় চোট নিয়ে নানা জল্পনা-কল্পনা। 

সেই শঙ্কা আরও ঘনীভূত হয় যখন দলের সঙ্গে ভারত সফরে না গিয়ে সরাসরি স্পেনের পথে রওনা হন রাফিনহা। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে - তবে কি চোটটা গুরুতর? ব্রাজিল সমর্থকদের অপেক্ষাও ছিল তার মেডিকেল রিপোর্টের দিকে। 

কিন্তু শুক্রবার সেই অপেক্ষার অবসান ঘটিয়ে বার্সেলোনার চিকিৎসকরা জানালেন স্বস্তির খবর। পরীক্ষায় রাফিনহার ডান উরুতে গুরুতর কোনো চোট ধরা পড়েনি, এমনকি উল্লেখযোগ্য কোনো ইনজুরিও নেই বলে জানা গেছে। আর এই খবরই যেন পুরো ঘটনাকে এনে দিয়েছে নতুন মোড়ে। কারণ চোট গুরুতর নয়, অথচ ব্রাজিলের পরের ম্যাচে তাকে পাওয়া যাচ্ছে না - অন্যদিকে বার্সেলোনার হয়ে মাঠে নামার সম্ভাবনা তৈরি হয়েছে।

সবচেয়ে বড় চমক, বার্সেলোনার পরবর্তী ম্যাচে গেটাফের বিপক্ষে রাফিনহাকে খেলানোর পরিকল্পনাও রয়েছে। অর্থাৎ ব্রাজিলের জার্সিতে যে চোটের কারণে মাঠ ছাড়তে হলো, সেই রাফিনহাই ক্লাবের হয়ে মাঠে নামতে পারেন - এখানেই তৈরি হয়েছে সমর্থকদের ক্ষোভ। আর সেই ক্ষোভের কেন্দ্রে একটাই প্রশ্ন - ব্রাজিলের হয়ে খেলতে গিয়ে চোটের শঙ্কা, কিন্তু ক্লাবের ম্যাচে ঠিকই মাঠে নামার প্রস্তুতি, তাহলে কি জাতীয় দলের সঙ্গে বেঈমানি করলেন রাফিনহা? 

আর রাফিনহার এই সিদ্ধান্তেই ক্ষোভে ফুঁসছেন ব্রাজিল সমর্থকরা। জাতীয় দলের জার্সিতে চোটের কথা বলে মাঠ ছাড়ার পর দলের সঙ্গে ভারত সফরে না গিয়ে সরাসরি স্পেনে ফেরা, এরপর বার্সেলোনার হয়ে মাঠে নামার সম্ভাবনা - সব মিলিয়ে রাফিনহাকে ঘিরে তৈরি হয়েছে তীব্র অসন্তোষ। সমর্থকদের অনেকেরই প্রশ্ন, ব্রাজিলের জার্সির চেয়ে কি তবে ক্লাবের জার্সিই রাফিনহার কাছে বেশি গুরুত্বপূর্ণ নাকি।