কক্সবাজারের টেকনাফ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় চার মাদক কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৩ কোটি ৮০ লাখ টাকা।
সোমবার (১৯ অক্টোবর) রাতে ৬৪ বিজিবির আওতাধীন হোয়াইক্যং চেকপোস্ট ও উলুবনিয়া সীমান্ত এলাকায় অভিযান দুটি পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম।
বিজিবি জানায়, প্রথম অভিযানে রাত ৮টার দিকে হোয়াইক্যং চেকপোস্টে একটি ডাবল কেবিন পিকআপে তল্লাশি চালানো হয়। মৌলভীবাজার থেকে টেকনাফ হয়ে চট্টগ্রামের দিকে যাওয়া গাড়িটির পেছনের আসনের কভারের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় একজনকে আটক করেন বিজিবি সদস্যরা।
অন্যদিকে, রাত ৯টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হোয়াইক্যংয়ের উলুবনিয়া সীমান্ত এলাকায় অভিযান চালায় বিজিবির একটি টহল দল। সেখানে অ্যাম্বুশ করে আরও ৩ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় শাকিলসহ তিনজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন টেকনাফের হোয়াইক্যং কাটাখালি এলাকার শাকিল (২২) ও রাসেল (২৩), চট্টগ্রামের ডবলমুরিং এলাকার মো. সাইফুল ইসলাম (৩১) এবং উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের খায়রুল আমিন (২৪)।
বিজিবির অধিনায়ক জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।