বাংলাদেশি চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিতে চীন ও পাকিস্তান সহযোগিতার আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটের শয্যা সংখ্যা ১৩৫ থেকে ২৫০-তে উন্নীতকরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, চীন বাংলাদেশি চিকিৎসকদের ফেলোশিপে নেওয়ার পাশাপাশি দেশটির হাসপাতালগুলোতে কাজ ও প্রশিক্ষণের সুযোগ দেওয়ার কথা জানিয়েছে। চীনা বিশেষজ্ঞরা বাংলাদেশে এসে চিকিৎসকদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি প্রয়োজন হলে বাংলাদেশি চিকিৎসকদের চীনেও নিয়ে প্রশিক্ষণ দেবেন।
তিনি আরও বলেন, পাকিস্তানও বাংলাদেশ থেকে ক্যান্সার রোগী নিয়ে চিকিৎসা দেওয়ার পাশাপাশি দেশে এসে চিকিৎসকদের ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।
চিকিৎসকদের চিকিৎসাসেবার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখার আহ্বান জানান মন্ত্রী। বিশেষ করে থ্যালাসেমিয়া, এইচআইভি ও সংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। বিয়ের আগে বর-কনের থ্যালাসেমিয়া পরীক্ষা করার পরামর্শও দেন স্বাস্থ্যমন্ত্রী।