হৃদরোগের কোনো লক্ষণ বা সতর্কসংকেত অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বিশ্ব হার্ট দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, অসংক্রামক রোগের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মানুষ মারা যান। তাই হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই।
তিনি বলেন, মানুষ সচেতন হলেও অনেক ক্ষেত্রে সেই সচেতনতা দৈনন্দিন জীবনে কাজে লাগানো হয় না। হৃদরোগের ক্ষেত্রে এমন অবহেলা মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। হৃদয়ের কোনো সতর্কবার্তা দেখা দিলে দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, হৃদরোগসহ সব ধরনের সংক্রামক ও অসংক্রামক রোগ প্রতিরোধে জনসচেতনতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির আহ্বায়ক অধ্যাপক ডা. মোহাম্মদ সফিউদ্দিন সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হাসান ও প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদিরসহ অন্যরা।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী সুপার স্পেশালাইজড হাসপাতাল বিএমইউ প্রাঙ্গণে বেলুন উড়িয়ে বিশ্ব হার্ট দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং দিবসটির র্যালিতে অংশ নেন।