দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪২ জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
নতুন ছয়জনসহ চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ২৩৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সেপ্টেম্বরের প্রথম ২৮ দিনেই মারা গেছেন ১৪২ জন। আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং জুনে ১৩ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন রোগীদের নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭ হাজার ৬৭২ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৭৫১ জন। এ পর্যন্ত মোট ৭২ হাজার ৮ জন সুস্থ হয়েছেন।
নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৭৮৫ জন রয়েছেন। এছাড়া চট্টগ্রামে ৩০১, খুলনায় ২৬৪, বরিশালে ২১৩, রাজশাহীতে ১৯৭, ময়মনসিংহে ১২০ এবং রংপুরে ৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।