চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ মিছিল করেন তারা।

চুয়েট ক্যাম্পাসে অনুষ্ঠিত মিছিলে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। চোখ বাঁধার মাধ্যমে প্রশাসনের নীরবতার প্রতীকী প্রতিবাদ জানান আন্দোলনকারীরা।

শিক্ষার্থীরা জানান, উপাচার্যকে পুনর্বহালের দাবিতে টানা নবম দিনের মতো তারা বিভিন্ন কর্মসূচি পালন করছেন। তবে এখনো প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তারা।

আন্দোলনকারীদের ভাষ্য, অধ্যাপক সায়েম দায়িত্ব নেওয়ার পর অল্প সময়ের মধ্যে শিক্ষার্থীবান্ধব বিভিন্ন উদ্যোগ নিয়েছিলেন। কোনো অভিযোগ ছাড়াই তাকে অপসারণ করা হয়েছে দাবি করে তাকে পুনর্বহাল না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

গত ২১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া আন্দোলনের অংশ হিসেবে ২২ সেপ্টেম্বর থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলছে। এর আওতায় শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের পাশাপাশি অবস্থান কর্মসূচি, মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করছেন। চুয়েট শিক্ষক সমিতিও আন্দোলনে একাত্মতা জানিয়েছে।

এর আগে ২১ সেপ্টেম্বর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্যের পদ থেকে সরিয়ে তার স্থলে কুয়েটের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নিয়োগ দেওয়া হয়। গত ২৭ জুলাই চুয়েটের উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়া অধ্যাপক সায়েম ৫৬ দিনের মাথায় পদ হারান।