কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দেশের বিভিন্ন ব্যাংকে এ-সংক্রান্ত নির্দেশনা পাঠায় বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থাটি। বিএফআইইউর সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
ব্যাংক সূত্রে জানা গেছে, সালমান মুক্তাদিরের নামে থাকা ব্যাংক হিসাবের হিসাব খোলার ফরম (এওএফ), গ্রাহকের পরিচিতি-সংক্রান্ত তথ্য (কেওয়াইসি) ও হিসাব বিবরণী (স্টেটমেন্ট) চাওয়া হয়েছে। পাশাপাশি নির্ধারিত এক্সেল ফাইলে হিসাবসংক্রান্ত তথ্য, সুদ আয় ও উৎসে করের (টিডিএস) তথ্য পাঠাতে বলা হয়েছে।
তলব করা তথ্য মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালার সংশ্লিষ্ট ধারা অনুযায়ী সরবরাহ করতে এবং এসব তথ্যের গোপনীয়তা বজায় রাখতেও নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে সালমান মুক্তাদিরের কার্যালয়ে ভাঙচুরের ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়। ঘটনার পর তিনি প্রথমে অভিযোগ করেন, বিএনপির লোকজন তার কাছে চাঁদা চেয়েছিল। পরে তিনি জানান, তার কাছে চাঁদা চাওয়া হয়নি। বক্তব্যের এই পরিবর্তন নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যায়।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ-উর রহমান বলেন, সালমান মুক্তাদিরসহ সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত ও ভাইরাল জনপ্রিয়তা পাওয়া ব্যক্তিরা ভবিষ্যতে আরও দায়িত্বশীলতার সঙ্গে বক্তব্য ও কর্মকাণ্ড পরিচালনা করবেন বলে তিনি আশা করেন।