ডেঙ্গু প্রতিরোধে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ নিয়ে আয়োজিত এক সভায় তিনি এ নির্দেশনা দেন।
সভায় প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে আগামী কয়েক মাস গুরুত্বপূর্ণ। এ সময়ে রোগটির বিস্তার ঠেকাতে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে যেসব এলাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেশি, সেখানে প্রতিরোধ কার্যক্রম আরও জোরদার করতে হবে।
ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি পাড়া-মহল্লায় নিয়মিত মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালানোর নির্দেশ দেন। পাশাপাশি জুমার নামাজের খুতবায় ডেঙ্গু থেকে বাঁচার উপায় ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে আলোচনা করার কথা বলেন।
এ ছাড়া সরকারি আবাসিক কোয়ার্টার ও হাসপাতাল প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। ডেঙ্গু নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়েও সভায় আলোচনা হয়।
সভায় স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকেরা উপস্থিত ছিলেন।