ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ডেঙ্গুর বিস্তার রোধে প্রতি শনিবার ‘সাপ্তাহিক ক্লিনিং ডে’ পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীকাল শনিবার থেকে করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে একযোগে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করা হবে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ডিএসসিসির মুখপাত্র রাসেল রহমান জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী তিন মাস প্রতি শনিবার আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে এ কার্যক্রম চলবে।
ডিএসসিসির ‘বর্ষা পূর্ব জরিপ ২০২৬’ অনুযায়ী, এডিস মশার লার্ভার সবচেয়ে বেশি উপস্থিতি পাওয়া গেছে বহুতল ভবন, স্বতন্ত্র বাড়ি ও নির্মাণাধীন ভবনে। বিভিন্ন প্রজননস্থলের মধ্যে মেঝেতে জমে থাকা পানি, বালতি ও প্লাস্টিকের ড্রামে লার্ভার উপস্থিতি শনাক্ত হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, বাসাবাড়ি ও ব্যক্তিগত আঙিনায় জমে থাকা পানি, ফুলের টব, এসি-ফ্রিজের ট্রে ও বাথরুমসহ বিভিন্ন স্থানে এডিস মশার প্রজনন হতে পারে। এসব স্থান পরিষ্কার রাখা শুধু সিটি করপোরেশনের পক্ষে সম্ভব নয়। তাই ডেঙ্গু নিয়ন্ত্রণে নগরবাসীর সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ জরুরি।
ক্লিনিং ডে উপলক্ষে ৭৫টি ওয়ার্ডের আবাসিক এলাকা, সড়ক, ড্রেন, ছাদ ও নির্মাণাধীন ভবনে লার্ভিসাইডিং ও অ্যাডাল্টিসাইডিং করা হবে। পাশাপাশি জমে থাকা পানি, পরিত্যক্ত ডাবের খোসা, প্লাস্টিকের পাত্র, টায়ারসহ বিভিন্ন বর্জ্য অপসারণ করা হবে।
সচেতনতা বাড়াতে প্রতিটি ওয়ার্ডে র্যালি ও লিফলেট বিতরণ করা হবে। ডিএসসিসির পক্ষ থেকে নগরবাসীকে নিজ নিজ বাসাবাড়ি ও কর্মস্থল পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমতে না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সক্রিয় সহযোগিতা চেয়েছে সংস্থাটি।