মুরগির মাংস একসঙ্গে বেশি পরিমাণে কিনে অনেকেই প্রয়োজনের অতিরিক্ত অংশ ফ্রিজে রেখে দেন। এতে পরে সুবিধামতো রান্না করা গেলেও সংরক্ষণের সঠিক নিয়ম না মানলে মাংসে ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্মাতে পারে। তাই কতদিন এবং কীভাবে মাংস সংরক্ষণ করা হচ্ছে, সে বিষয়ে সতর্ক থাকা জরুরি।
কাঁচা মুরগির মাংস সাধারণ রেফ্রিজারেটরে সর্বোচ্চ ১ থেকে ২ দিন রাখা নিরাপদ। মার্কিন কৃষি বিভাগের (USDA) নির্দেশনা অনুযায়ী, কেনার পর এই সময়ের মধ্যেই মাংস রান্না করে নেওয়া ভালো। এর চেয়ে বেশি সময় সংরক্ষণ করতে হলে ডিপ ফ্রিজারে রাখতে হবে।
রান্না করা মুরগির মাংস অবশ্য সাধারণ ফ্রিজে ৩ থেকে ৪ দিন পর্যন্ত রাখা যায়। তবে ফ্রিজের তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে থাকা প্রয়োজন। দীর্ঘদিন সংরক্ষণের ক্ষেত্রে মাংস ভালোভাবে প্যাক করে প্রায় -১৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ডিপ ফ্রিজারে রাখা উচিত।
কাঁচা মাংস রাখার সময় আরও কিছু বিষয় খেয়াল করা প্রয়োজন। মাংসের প্যাকেট থেকে বের হওয়া তরল যেন অন্য খাবারে না লাগে, সেজন্য এটি এয়ারটাইট বক্সে বা ভালোভাবে মুড়িয়ে ফ্রিজের নিচের তাকে রাখা ভালো। এতে অন্য খাবারে তরল ছড়িয়ে পড়ার ঝুঁকি কমে। একই সঙ্গে ফ্রিজ পুরোপুরি ভর্তি না করে ঠান্ডা বাতাস চলাচলের জন্য জায়গা রাখা দরকার।
মাংস নষ্ট হয়েছে বুঝবেন যেভাবে
ফ্রিজে সংরক্ষণের পর মাংসের রঙে সামান্য পরিবর্তন হতে পারে, যা সবসময় নষ্ট হওয়ার লক্ষণ নয়। তবে রঙে অস্বাভাবিক পরিবর্তনের পাশাপাশি মাংস অতিরিক্ত চটচটে, আঠালো বা পিচ্ছিল হয়ে গেলে সতর্ক হতে হবে।
তাজা মাংস কিছুটা ভেজা থাকতে পারে, কিন্তু অস্বাভাবিক পিচ্ছিল বা আঠালো হওয়া স্বাভাবিক নয়। এমন মাংস পানি দিয়ে ধুয়ে বা বেশি সময় রান্না করে খাওয়ার চেষ্টা করা উচিত নয়।
মাংসের গন্ধও এর মান বোঝার গুরুত্বপূর্ণ একটি উপায়। টক, পচা বা অস্বাভাবিক কোনো গন্ধ পাওয়া গেলে তা খাওয়া নিরাপদ নয়। বিশেষ করে দুর্গন্ধের সঙ্গে রঙের পরিবর্তন ও চটচটে ভাব থাকলে মাংস ফেলে দেওয়া উচিত।
ঘরের বাইরে কতক্ষণ রাখা যাবে?
কাঁচা মুরগির মাংস ঘরের স্বাভাবিক তাপমাত্রায় দীর্ঘ সময় রাখা নিরাপদ নয়। সাধারণভাবে ২ ঘণ্টার বেশি বাইরে থাকলে ব্যাকটেরিয়া দ্রুত বাড়ার ঝুঁকি থাকে। তাই বাজার থেকে মাংস কেনার পর যত দ্রুত সম্ভব ফ্রিজে রাখা প্রয়োজন।
গরম আবহাওয়ায় ঝুঁকি আরও বাড়তে পারে। এ কারণে বাজার থেকে ফেরার সময় গাড়িতে দীর্ঘক্ষণ মাংস রেখে দেওয়া থেকে বিরত থাকা উচিত।
নষ্ট মাংস রান্না করলেই কি নিরাপদ?
মাংসে দুর্গন্ধ, অতিরিক্ত পিচ্ছিলভাব বা পচনের কোনো লক্ষণ দেখা দিলে রান্না করে সেটি নিরাপদ করার চেষ্টা করা ঠিক নয়। শুধু রান্না করলেই নষ্ট মাংসের সব ঝুঁকি দূর হবে—এমন নিশ্চয়তা নেই। তাই মাংসের বিষয়ে সন্দেহ থাকলে তা ফেলে দেওয়াই নিরাপদ।
ডিপ ফ্রিজারে রাখা মাংস রান্নার আগে সঠিকভাবে গলানোও গুরুত্বপূর্ণ। ঘরের তাপমাত্রায় দীর্ঘ সময় রেখে গলানোর পরিবর্তে সাধারণ ফ্রিজে রেখে ধীরে ধীরে গলানো নিরাপদ। মাংস গলে যাওয়ার পরও তা দীর্ঘ সময় বাইরে না রেখে দ্রুত রান্না করে নেওয়া উচিত।
সঠিক তাপমাত্রায় এবং নিয়ম মেনে মাংস সংরক্ষণ করলে খাবারের অপচয় কমানোর পাশাপাশি খাদ্যবাহিত অসুস্থতার ঝুঁকিও অনেকটা কমানো সম্ভব।