দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৭৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গুবিষয়ক ড্যাশবোর্ডে প্রকাশিত তথ্যে এ চিত্র পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৩৭১ জন ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে)। এছাড়া চট্টগ্রামে ২৮৮, খুলনায় ২৮৬, দক্ষিণ ঢাকা সিটি করপোরেশনে ১৯৪, বরিশালে ১৬৪, উত্তর ঢাকা সিটি করপোরেশনে ১৫১, রাজশাহীতে ১৩০, ময়মনসিংহে ১০৮, রংপুরে ৭৩ এবং সিলেটে ১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

নতুন ৮ জনের মৃত্যু নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৯ জনে। আর বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৬৯ হাজার ১৪৯ জন।