সীতাকুণ্ডে ডেঙ্গুর সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়েছে। ১১ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ১৫ দিনে এ রোগে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে তিনজন শিশু। পরিস্থিতি বিবেচনায় উপজেলাটিকে ডেঙ্গুর ‘হটস্পট’ ঘোষণা করে সাতটি এলাকাকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করেছে জেলা প্রশাসন।

ডেঙ্গু নিয়ন্ত্রণে শনিবার থেকে সীতাকুণ্ড পৌরসভা এলাকায় সাত দিনের বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু হয়েছে। ২৬ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ কার্যক্রম চলবে।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ২৬ আগস্ট থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত এক মাসে সীতাকুণ্ডে ৫১৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। রোগীর চাপ বাড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও বেড়েছে ভিড়। ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সেখানে ১৫ জন রোগী ভর্তি ছিলেন।

রেড জোনগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি সরকারি হাসপাতালে ২৪ ঘণ্টা ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে বাড়িঘর ও আশপাশে পানি জমতে না দেওয়া এবং জ্বর হলে দ্রুত ডেঙ্গু পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।